
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার রাজাপুর গ্রামে গভীর রাতে এক কৃষকের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা আব্বাস উদ্দিনের বসতবাড়ির পাশে নির্মিত বড় কবুতরের ঘরে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
রোববার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়—টিনসেটের তৈরি কবুতরের ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত। পুড়ে গেছে ভেতরে থাকা কবুতরের ঘর, বাঁশ-বিছালির তৈরি টেনশনের ঘরসহ আনুষঙ্গিক সব মালামাল।
ক্ষয়ক্ষতির বিষয়ে মালিক আব্বাস উদ্দিন জানান, “হঠাৎ আমার ছেলে-বউমার চিৎকারে ঘুম ভেঙে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে আশপাশের লোকজন এসে আগুন নেভাতে সহায়তা করে। এতে আমার প্রায় ষাট হাজার থেকে সত্তর হাজার টাকার ক্ষতি হয়েছে। কে বা কারা আগুন দিয়েছে, আমরা কাউকে দেখিনি।”
ঘটনার সময় আগুন নেভাতে এগিয়ে আসা উত্তরপাড়া মসজিদের খতিব মাওলানা আবুল কালাম বলেন, “চেঁচামেচির শব্দ শুনে দ্রুত এগিয়ে এসে দেখি আগুন ভয়াবহভাবে জ্বলছে। আমরা মিলে আগুন নেভাতে চেষ্টা করি। তবে কারা আগুন দিয়েছে এ বিষয়ে কিছু বলতে পারব না।”
এ বিষয়ে জানতে চাইলে কোটচাঁদপুর মডেল থানার ডিউটি অফিসার অপু কুমার বিশ্বাস বলেন, “রাজাপুর গ্রামের এ অগ্নিকাণ্ডের বিষয়টি প্রথম আপনার কাছ থেকেই শুনছি। এখনো কোনো অভিযোগ বা মামলা হয়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের দাবি, ঘটনার রহস্য উদঘাটন ও দোষীদের শনাক্তে দ্রুত তদন্ত জরুরি।