
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইল জেলায় পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— নাগরপুর উপজেলার আমজাদ হোসেন (৫৫), মির্জাপুরের ফেরদৌস আলম পাহাড়ি (৪৫), দেলদুয়ারের ফজলুল হক (৫০), ঘাটাইলের আব্দুল হোসেন (৩২) ও রাসেল (২৩), সখীপুরের ওয়াদুদ রহমান শাহীন (৫১) ও হাকিম তালুকদার (৫৫), ধনবাড়ীর হৃদয় আহমেদ (২৮), কালিহাতীর মো. শামীম (৪৬), ভূঞাপুরের তাহসিন হোসেন আলিফ (২০), কালিহাতী যমুনা সেতু পূর্ব থানার তপু মন্ডল (২২), মধুপুরের মো. জুয়েল (২৫), বাসাইলের রিপন মিয়া (৫০), গোপালপুরের মিনহাজ মিয়া (৫০), টাঙ্গাইল সদর উপজেলার শরিফ হোসেন (২৫), নাসির উদ্দিন (৪৭), সৈয়দ তানিয়া ইসলাম সুইটি (৪৫) ও তারিফুল ইসলাম (৩৭)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার, সংশোধন) আইন-২০১৯, দণ্ডবিধি ১৮৬০, সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ এবং বিস্ফোরক দ্রব্য আইন-১৯০৮-এর বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে।
এসব মামলায় সংঘবদ্ধ সহিংসতা, হামলা, মারধর, গুরুতর জখম, হত্যা চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি ও বিস্ফোরক দ্রব্য সংক্রান্ত অপরাধসহ নানা অভিযোগ উল্লেখ রয়েছে।
টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরিস্থিতি ঘোলাটে করার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এছাড়া তারা বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় আইনগত প্রক্রিয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ দমন ও সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে।