
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
ময়মনসিংহ জেলার ফুলপুর থানায় দায়ের হওয়া এক শালিকা ধর্ষণ মামলার প্রধান আসামি দুলাভাই মোঃ সাঈদ হাসান সেতু (২৬)-কে গ্রেফতার করেছে র্যাব-১৪। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল জেলার সখিপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সেতু ভিকটিমের পূর্ব পরিচিত এবং সম্পর্কে চাচাত দুলাভাই। আত্মীয়তার সূত্রে তিনি নিয়মিত ভিকটিমের বাড়িতে যাতায়াত করতেন এবং বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন। ভিকটিম তার অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় নানা কৌশলে তাকে ফাঁসানোর চেষ্টা চালিয়ে যান অভিযুক্ত।
ঘটনার ধারাবাহিকতায় গত ২৫ মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ভিকটিমের শয়নকক্ষে প্রবেশ করে জোরপূর্বক তাকে ধর্ষণ করে সেতু। পরবর্তীতে ভয়ভীতি ও কৌশলের মাধ্যমে একাধিকবার ধর্ষণের ফলে ভিকটিম আট মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।
এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ময়মনসিংহ জেলার ফুলপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/২০২৫) এর ৯(১) ধারায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার নম্বর ১৩, তারিখ ২৪ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ।
মামলা দায়েরের পর থেকে ধর্ষক সেতু পলাতক থাকায় র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করে শনিবার সন্ধ্যা ৬টার দিকে সখিপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফুলপুর থানায় হস্তান্তর করা হয়েছে।