
মো নাজিউল্লাহ ভূইয়া
কেরানীগঞ্জ, ঢাকা (প্রতিনিধি)
ঢাকার কেরানীগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগ–এর একটি পরিত্যক্ত কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার তারানগর ইউনিয়নের ঘাটারচর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লবের স্ত্রী সোনিয়া আক্তার কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের ছাদে উঠে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে তিনি দ্রুত স্থান ত্যাগ করেন ।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কার্যালয়টিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।আজকের পতাকা উত্তোলনের ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেরানীগঞ্জ মডেল থানা শাখার সাবেক আহ্বায়ক শাফায়েত হোসেন ঢালী বলেন:
“দলটির বিরুদ্ধে গণহত্যার অভিযোগে বিচার কার্যক্রম চলমান রয়েছে এবং আদালত তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছেন। বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে তারা কোনো ধরনের দলীয় কার্যক্রম পরিচালনা করতে পারবে না। তবে বিচার শেষ হওয়ার পর আদালতের রায় অনুযায়ী তাদের কার্যক্রম পরিচালনার সুযোগ থাকবে। এর আগে যদি তারা কোনো দলীয় কার্যক্রম চালানোর চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে আইন ভঙ্গের দায়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।