
নিজস্ব প্রতিবেদক
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর কার্যনির্বাহী সদস্য মো. জাহিদ হাসানের উদ্যোগে রাজশাহীর চারঘাট উপজেলার সারদা এলাকায় পবিত্র মাহে রমজান উপলক্ষে শিশুদের অংশগ্রহণে হামদ-নাত, কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ রমজান) বিকেল ৪টায় পশ্চিম বালিয়াডাঙ্গা জামে মসজিদ প্রাঙ্গণে “হামদ-নাত ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা এবং ইফতার মাহফিল” অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, ১৫ বছরের নিচের সকল শিশু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগিতায় হামদ-নাত এবং কোরআন তেলাওয়াত এই দুই বিভাগে প্রথম তিনজন বিজয়ীর জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি সকল অংশগ্রহণকারী শিশুদের জন্যও সৌজন্য পুরস্কার প্রদান করা হবে।
এপ্রসঙ্গে জকসুর কার্যনির্বাহী সদস্য মো. জাহিদ হাসান বলেন, “এই আয়োজনের মূল লক্ষ্য শিশুদের ছোটবেলা থেকেই ধর্মীয় চর্চার প্রতি আগ্রহী করে তোলা এবং সামাজিকীকরণের সুযোগ সৃষ্টি করা।”
তিনি আরোও বলেন, “আমি চাই আমার গ্রামসহ প্রতিটি এলাকায় ছোট বয়স থেকেই সবাই নিজ নিজ ধর্মের প্রতি আগ্রহী হোক। এই আয়োজনের মাধ্যমে শিশুরা একে অপরের সঙ্গে মিশে আত্মবিশ্বাসী হয়ে উঠবে এবং তাদের মধ্যে থাকা জড়তা দূর হবে।”
উল্লেখ্য, স্থানীয়ভাবে এ আয়োজনকে ঘিরে ইতোমধ্যে শিশু-কিশোরদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আয়োজকরা আশা করছেন, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।