
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
১৯৭১ সালের ২৫ শে মার্চ পাক হানাদার বাহিনী এদেশের নিরীহ মানুষের উপর স্বশস্ত্র ঝাঁপিয়ে পড়ে; তৎক্ষণাৎ রাজারবাগ পুলিশ লাইন থেকে সর্বপ্রথম প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে বাঙালি জাতির বীরত্ব ও গভীর দেশাত্মবোধের বার্তা পুরো দুনিয়ায় ছড়িয়ে পড়ে।
২৬ শে মার্চ তৎকালীন সেনাবাহিনীর কিছু দেশপ্রেমিক অফিসারের নেতৃত্বে স্বাধীনতা ঘোষণার মাধ্যমে শুরু হয় স্বশস্ত্র মুক্তি সংগ্রাম। বৈষম্য মুক্ত স্বাধীন বাংলাদেশ গড়ার গুরুত্বপূর্ণ এই দিবসকে স্মরণে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে ধামইরহাট উপজেলা প্রশাসন দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপন করেছে।
সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি ও উপজেলা চত্বরে অবস্থিত স্মৃতিসৌধে নওগাঁ -২ আসনের সংসদ সদস্য এনামুল হকের পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়। উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা এসময় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও শহিদদের শাহাদাত কামনায় দু’আ-প্রার্থনা নিবেদন করেন।
সকাল ৮ টায় ধামইরহাট সরকারি এম এম কলেজ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক প্রশান্ত কুমার চক্রবর্তীর সভাপতিত্বে পুলিশ ,আনসার বাহিনী,ফায়ার সার্ভিস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট দলের অংশগ্রহণে কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে বীরমুক্তিযোদ্ধাদের অসামান্য অবদানের সম্মানে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ -২ আসনে জামায়াতের সংসদ সদস্য এনামুল হক।
এছাড়াও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দু’আ অনুষ্ঠান, সরকারি হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোখলেছুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, জনস্বাস্থ্য কর্মকর্তা মিলন কুমার সরকার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম ধামইরহাট উপজেলা জামায়াতের আমির মাওঃ কামরুজ্জামান নায়েবে আমির মাওলানা আতাউর রহমান, ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি এমএ ওয়াদুদ, সম্পাদক হানজালা, এনসিপি’র নওগাঁ জেলা আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরী প্রমুখ।