
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের মির্জাপুরে অজ্ঞাত এক নারী ও এক নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে মির্জাপুর থানা পুলিশ।সোমবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া গ্রামের লৌহজং নদীর তীরে মাটির নিচে পুঁতে রাখা বস্তাবন্দি অবস্থায় মরদেহ দু’টি উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্হানীয় কিছু লোকজন উপজেলার গুনটিয়া নদীর পাশে দুর্গন্ধ পায়।পরে তাঁরা দুর্গন্ধের সূত্র ধরে ঘটনাস্থলে গিয়ে নারীর চুল দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্হলে গিয়ে মাটি খুঁড়ে ওই নারী ও নবজাতকের মরদেহ উদ্ধার করে।মির্জাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)আব্দুল্লাহ আল মামুন জানান,মাটি খুঁড়ে ওই নারীকে বের করার সময় তার সঙ্গে এক নবজাতকের মরদেহ পাওয়া যায়।ওই নারী প্রায় ৭-৮ মাসের গর্ভবতী ছিলেন বলে ধারণা করা হচ্ছে এবং তার মৃত্যুর সময় নবজাতকটি প্রসব হয়।পরে দু’জনকে মাটিচাপা দেয়া হয়।তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।