
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (২ জুন ২০২৬) সকাল ১১টা থেকে টাঙ্গাইল ক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়, যা বিকেল ৪টা পর্যন্ত চলবে।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪৫৩ জন। এর মধ্যে প্যানেল ‘এ’ গ্রুপের ভোটার ২০২ জন এবং প্যানেল ‘বি’ গ্রুপের ভোটার ২৫১ জন। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ সাইদুর রহমান স্বপন ভোটগ্রহণের আগে সকল প্রার্থীকে সকাল ৯টার মধ্যে সশরীরে উপস্থিত থাকার নির্দেশনা প্রদান করেন। তার তত্ত্বাবধানে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
ভোটকেন্দ্রে প্রার্থী, ভোটার ও ব্যবসায়ী নেতাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। জয়ের ব্যাপারে প্রত্যেক প্রার্থী আশাবাদী হলেও ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন।
উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দ ও ভোটাররা জানান, অতীতের কিছু নির্বাচনে সাধারণ ব্যবসায়ী ও ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ সীমিত ছিল। তবে এবারের নির্বাচনে তারা সরাসরি ভোট দিতে পেরে অত্যন্ত আনন্দিত ও উৎফুল্ল। তারা আশা প্রকাশ করেন, এই নির্বাচন টাঙ্গাইলের ব্যবসায়ী সমাজে গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করবে এবং চেম্বারের কার্যক্রমকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সার্বিকভাবে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং ভোটারদের উপস্থিতিও সন্তোষজনক বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।