
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইল শহরে নিজ বাসা থেকে নাজমা আলম নামে এক নারীর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে টাঙ্গাইল মডেল থানা পুলিশ।
নিহত নাজমা আলমের বয়স ৬১ বছর। তিনি টাঙ্গাইল পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বিশ্বাস বেতকা, শিবনাথ পাড়া এলাকার বাসিন্দা। তাঁর স্বামীর নাম শফিউল আলম শাহিন।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহতের দুই মেয়ে অস্ট্রেলিয়ায় বসবাস করেন। তাঁদের নাম তাঞ্জিনা মৌসুমি এবং নাজিমা আলম প্রমা। এছাড়া তাঁর এক ছেলে ঢাকায় পড়াশোনা করছেন।
স্থানীয় প্রতিবেশীরা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে এ ঘটনা ঘটে থাকতে পারে। পরে খবর পেয়ে টাঙ্গাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে পুলিশ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান সাংবাদিকদের জানান, প্রাথমিক আলামত অনুযায়ী এটি একটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা নিশ্চিত হতে বিস্তারিত তদন্ত চলছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে।