
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলে শিশুদের খেলাধুলা ও বিনোদনের জন্য একটি শিশু পার্ক করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টার মিলনায়তনে টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।
টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. খন্দকার আনিছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, যারা আজ বৃত্তি পেয়েছে, তাদের সবাইকে অভিনন্দন জানাই। পাশাপাশি তাদের অভিভাবকদেরও ধন্যবাদ জানাই। এই দেশ আমাদের, দেশকে গড়ে তোলার দায়িত্বও আমাদের সবার।
তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে হলে মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ পদক্ষেপ নিতে হবে। আগামী এক বছর পর যাতে গরমের মধ্যে কোনো অনুষ্ঠান আয়োজন করতে না হয়, সেজন্য মাওলানা ভাসানী হল মিলনায়তন দ্রুত চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। শিশুদের সুন্দরভাবে খেলাধুলার সুযোগ করে দিতে টাঙ্গাইলে একটি শিশু পার্ক করে দেওয়া হবে, ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু ও ইন্সট্রাক্টর মো. ইসলাম মিয়া।
স্বাগত বক্তব্য দেন টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাহিত্য বিষয়ক সম্পাদক বাবু ভবেশ মুকুট পাল।