
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালমেঘা এলাকায় অসুস্থ এক প্রবাসীকে রাতের আঁধারে রাস্তায় ফেলে রেখে যাওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রী ও সন্তানের বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী জামাল উদ্দিন (৪৯) কালমেঘা গ্রামের ফজর আলীর ছেলে। স্থানীয়দের দাবি, দীর্ঘ ১২ বছর সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে পরিবারের জন্য অর্থ উপার্জন করেন তিনি। কয়েক বছর আগে কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে প্রায় আট মাস আগে দেশে ফেরেন। এরপর থেকে পারিবারিক অবহেলার শিকার হন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অসুস্থ জামাল উদ্দিনকে তার পৈতৃক বাড়ির পাশের রাস্তায় রেখে চলে যান স্বজনরা। পরে বৃষ্টির মধ্যে অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী তাকে উদ্ধার করে কালমেঘা গ্রামের উত্তর-পূর্ব পাড়ায় এক আত্মীয়ের বাড়িতে আশ্রয়ের ব্যবস্থা করেন।
ইউপি সদস্য মোশাররফ হোসেন জানান, খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। জামালের বড় ভাই সোহরাব আলী অভিযোগ করে বলেন, অসুস্থ ভাইকে পরিবারই অবহেলা করেছে।
তবে অভিযোগ অস্বীকার করে স্ত্রী রিনা আক্তার বলেন, কয়েক মাস আগেই তাদের বিবাহবিচ্ছেদ হয়েছে। এরপর তার স্বামীর বিষয়ে তিনি কিছু জানেন না।
সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম জানান, বিষয়টি জানার পর উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।