
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
মানবিকতা ও স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করতে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে বুধবার দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বাঁধন, সরকারি সা’দত কলেজ ইউনিট, বিভাগীয় জোন-০১, টাঙ্গাইলের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক পাঠক-সদস্য, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের সুযোগ পান। পাশাপাশি নিরাপদ রক্তদান ও রক্তের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়। প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা নিরাপদ পদ্ধতিতে অংশগ্রহণকারীদের রক্তের গ্রুপ নির্ধারণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাতিঘর আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. কামরুজ্জামান, কথা সাহিত্যিক কামরুল মোজাহীদ, টাঙ্গাইল সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম সুমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। প্রতিষ্ঠাতা মো. কামরুজ্জামান বলেন, জরুরি চিকিৎসাসেবায় নিজের রক্তের গ্রুপ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।