
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের কালিহাতীতে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে মো. রাজীব হোসেন (৩২) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় মিন্টু (৩২) নামে এক সন্দেহভাজন ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। তবে এ ঘটনায় জড়িত আরও ৩-৪ জন পালিয়ে গেছে বলে জানা গেছে।
রোববার (৪ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার শাপলা মেটাল ইন্ডাস্ট্রিজের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রাজীব হোসেন লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ঠ্যাংজোড়া এলাকার আবুল হোসেনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কুড়িগ্রাম থেকে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন চালক রাজীব হোসেন। পথে এলেঙ্গা এলাকায় মহাসড়কের পাশে ট্রাকটি থামিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে যান তিনি। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা ছিনতাইকারী চক্রের সদস্যরা তার ওপর হামলা চালায়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালানোর চেষ্টা করে তারা।
রাজীবের চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া দিয়ে মিন্টু নামে একজনকে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটক মিন্টু কালিহাতী উপজেলার এলেঙ্গা উত্তরপাড়া এলাকার শহীদ মিয়ার ছেলে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইয়ুম খান সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মিন্টু নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।