
নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে কলেজ ছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে লালমনিরহাট থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।
গ্রেপ্তারকৃত হলেন, লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার উত্তর পারুলিয়া গ্রামের মোঃ নুরুজ্জামানের ছেলে মোস্তাকিম বিল্লাহ (২২)।
রবিবার সকালে রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩), সিপিসি-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া)
অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সব তথ্য নিশ্চিত করে এসআরবি।
মামলার আরজি সুত্রে জানা যায়, ভুক্তভোগী ঐ কলেজছাত্রীর সাথে অভিযুক্ত মোস্তাকিমের প্রেমের সম্পর্ক ছিল। যার ফলে তারা বিভিন্ন সময়ে নীলফামারীর বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতো। এরই ধারাবাহিকতায়, চলতি বছরের গত ২০ জুন নীলফামারীর উদয়ন পার্কে ঘোরাঘুরি শেষে পার্কের একটি কক্ষে বিশ্রাম নেওয়ার সময় অভিযুক্ত মোস্তাকিম ঐ কলেজছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। এরপরে, একাধিকবার বিয়ের প্রলোভনে ঐ কলেজছাত্রীকে ধর্ষণ করে মোস্তাকিম।
পরবর্তীতে, মোস্তাকিম তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানালে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করা হয়। কিন্তু অভিযুক্ত মোস্তাকিম আত্মগোপনে গেলে বাদী গত ১৬ আগস্ট নীলফামারী সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন ভুক্তভোগীর পরিবার। যার মামলা নং-২৭।
এদিকে, মামলাটি দায়েরের পর অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এসআরবি গোয়েন্দা নজরজারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১৩ এর সিপিএসসি, রংপুর এবং সিপিসি-২, নীলফামারী ক্যাম্প এর একটি যৌথ আভিযানিক দল গেল ৩ অক্টোবর বিকেলে লালমনিরহাট জেলার সদর থানাধীন তিস্তা ব্রিজ টোল প্লাজার সামনে অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত মোস্তাকিমকে গ্রেফতার করে।
এসআরবি-১৩, সিপিসি-২ জানায়, “গ্রেফতারকৃত অভিযুক্ত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।”
“এছাড়া সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণ, বলাৎকারের মতো মারাত্মক অপরাধ দমনে এসআরবি এর এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ অপহরণ, হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে এসআরবি অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে”।