
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মাছ ধরা থেকে বিরত থাকা নিবন্ধিত জেলেদের জীবন-জীবিকা সচল রাখতে বরিশালের উজিরপুর পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিশেষ খাদ্য সহায়তা হিসেবে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টায় উজিরপুর পৌরসভা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে ধারাবাহিকভাবে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিবন্ধিত জেলেদের মাঝেও চাল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা। উজিরপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা খানুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, পৌর নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান খান, পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সরকার ঘোষিত নিষেধাজ্ঞার সময়ে ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে নদীতে মাছ ধরা থেকে বিরত থাকতে হয় জেলেদের। ফলে তাদের আয়ের প্রধান উৎস সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় অনেক জেলে পরিবার আর্থিক সংকটে পড়ে। এ পরিস্থিতিতে জেলেদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত ও সাময়িক দুর্ভোগ লাঘবে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নিবন্ধিত জেলেদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়।
জেলে কার্ড যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত ও নিবন্ধিত জেলেদের হাতে এ খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, নিষেধাজ্ঞার সময়ে সরকারি এ সহায়তা জেলে পরিবারগুলোর সাময়িক খাদ্যসংকট মোকাবিলায় সহায়ক হবে।
কর্মকর্তারা বলেন, ইলিশের প্রজনন নির্বিঘ্ন করা এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারি নিষেধাজ্ঞা কার্যকর করা জরুরি। একই সঙ্গে নিষেধাজ্ঞার সময়ে জেলেদের জীবন-জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার খাদ্যসহ বিভিন্ন মানবিক সহায়তা দিয়ে আসছে। এ সহায়তা জেলেদের নিষেধাজ্ঞা মেনে চলতে উৎসাহিত করার পাশাপাশি ইলিশ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।