
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলে পৃথক অভিযান চালিয়ে শিশু ধর্ষণ ও চাঁদাবাজি মামলার দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪-এর সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের সদস্যরা।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ও রাতে গাজীপুরের ভাওয়াল মির্জাপুর এবং টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই বাসস্ট্যান্ড এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার মো. রিপন মিয়া (৪০) ও নাগরপুরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি সাজেদুল মিয়া (৩৫)।
এসআরবি-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, সখীপুরে জমি দখলের চেষ্টা ও ১৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে রিপন মিয়ার বিরুদ্ধে মামলা হয়। এজাহার অনুযায়ী, গত ২৮ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে জাহিদ হাসান আলম নামের এক ব্যক্তি তাঁর মালিকানাধীন ১০ শতাংশ জমিতে কাজ করতে গেলে রিপন মিয়া ও তাঁর স্ত্রী সেখানে গিয়ে কাজে বাধা দেন এবং ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে গালিগালাজ ও হত্যার পর লাশ গুম করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় জাহিদ হাসান সখীপুর থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এসআরবি-১৪-এর একটি দল গোয়েন্দা নজরদারি শুরু করে। পরে রোববার রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে মির্জাপুর উপজেলার গোড়াই বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় এক নম্বর আসামি রিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, নাগরপুরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি সাজেদুল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। প্রেস রিলিজে বলা হয়, ওই শিশু অন্যান্য শিশুদের সঙ্গে সাজেদুলের বাড়িতে প্রাইভেট পড়তে যেত। গত ২৪ সেপ্টেম্বর বিকেলে প্রাইভেট পড়া শেষে বিস্কুট খাওয়ানোর কথা বলে শিশুটিকে বাড়িতে থাকতে বলেন সাজেদুল। পরে শয়নকক্ষে শিশুটিকে ধর্ষণ করার অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে।
এ ঘটনায় শিশুটির বাবা টাঙ্গাইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পিটিশন মামলা করেন। আদালতের আদেশে গত ৬ অক্টোবর নাগরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা রুজু হয়।
এরপর এসআরবি-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের সদস্যরা ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি চালান। পরে রোববার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে এসআরবি-১, সিপিএসসি, পোড়াবাড়ী ক্যাম্পের সহায়তায় গাজীপুর মহানগরের সদর থানাধীন ভাওয়াল মির্জাপুর এলাকায় অভিযান চালিয়ে সাজেদুল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি সূত্রে আরও জানানো হয়, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।