
ভোরের বাংলা নিউজ ডেস্ক
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজা মার্কেটের ষষ্ঠ তলায় লাগা আগুন চার ঘণ্টা পার হলেও নিয়ন্ত্রণে আসেনি। সরু গলি, তীব্র ধোঁয়া ও পানির স্বল্পতায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের।
সোমবার (১২ অক্টোবর) রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছিলেন ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের কর্মীরা।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্ব পালনকারী কর্মকর্তা আনোয়ারুল ইসলাম রাত ১০টার দিকে গণমাধ্যমকে জানান, সাততলা ভবনটির ষষ্ঠ তলায় বিভিন্ন পণ্যের গুদাম রয়েছে। গুদামগুলো তালাবদ্ধ থাকায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন নেভাতে সময় লাগছে।
এর আগে রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বে থাকা কর্মকর্তা শাহজাহান হোসেন গণমাধ্যমকে জানান, আগুন নিয়ন্ত্রণে ইউনিটের সংখ্যা বাড়িয়ে ১০টি করা হয়েছে। সরু গলির কারণে ফায়ার সার্ভিসের বড় গাড়িগুলো ঘটনাস্থলে প্রবেশ করতে পারছে না। এ ছাড়া প্রচণ্ড ধোঁয়া ও পানির স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে ইউনিটের সংখ্যা আরও বাড়ানো হতে পারে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৫টা ৪ মিনিটে মনজুর খান প্লাজার ষষ্ঠ তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে বিকেল ৫টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন কর্মীরা। প্রথমে তিনটি ইউনিট কাজ শুরু করলেও পরে পর্যায়ক্রমে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়।
এ ঘটনায় আগুন লাগার কারণ, কেউ হতাহত হয়েছেন কি না এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
এর আগে গত বছরের ডিসেম্বরে পুরান ঢাকার চকবাজারের রহমতগঞ্জ এলাকার ডালপট্টিতে একটি তিনতলা আবাসিক ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।