
কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় শ্যালোমেশিন চুরির অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মোশাররফ হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রায়টুটি ইউনিয়নের শোয়াইর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোশাররফ একই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে রায়টুটী ইউনিয়নের শোয়াইর গ্রামের দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার সকালে শ্যালোমেশিন চুরির অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের হামলায় মোশাররফ গুরুতর আহত হন।
আহত অবস্থায় স্বজনরা তাকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. সারোয়ার হোসেন রনি বলেন, “মোশাররফকে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। আমরা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে পুলিশকে বিষয়টি অবহিত করি।”
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল বলেন, “এলাকায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।”