
কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ দুই কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ মার্চ) রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে কুলিয়ারচর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছয়সূতী ইউনিয়নের শ্যামাইকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—শ্যামাইকান্দি এলাকার মৃত তেলুমিয়ার স্ত্রী জোসনা বেগম (৬০) এবং ভৈরব উপজেলার শ্রীমতিচর এলাকার কালু গাজীর ছেলে মো. জাদু মিয়া (৪৬)। তবে অভিযানের সময় তাদের সহযোগী নবী মিয়া ও মামুন মিয়া পালিয়ে যায়।
পুলিশ জানায়, জোসনা বেগমের বসতঘর এবং জাদু মিয়ার হেফাজতে থাকা একটি অটোরিকশা তল্লাশি করে মোট ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ২০ হাজার টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি তিন চাকার অটোরিকশা জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ জানান, পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রেফতারকৃতদের জেলহাজতে রাখার আবেদন করা হয়েছে।