
মো. নাজিউল্লাহ ভূইয়া
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ঢাকা পূর্ব–পশ্চিম এলিভেটেড এক্সপ্রেসওয়ে (ডিইডব্লিউইই) নির্মাণ প্রকল্পের পরিবেশগত প্রভাব মূল্যায়ন (ইআইএ) চূড়ান্তকরণ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৮ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় শাক্তা ইউনিয়ন পরিষদের প্রশাসক হালিমা আক্তার এর সভাপতিত্বে উপজেলার শাক্তা ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রকল্পের সম্ভাব্য পরিবেশগত প্রভাব ও প্রতিকারমূলক পদক্ষেপ নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানি (আইআইএফসি)-এর বিশেষজ্ঞরা। তাঁরা জানান, এক্সপ্রেসওয়ে নির্মাণ হলে রাজধানীর পরিবহন ব্যবস্থায় গতি আসবে, তবে নির্মাণকালীন ও নির্মাণ–পরবর্তী সময়ে বায়ু ও শব্দদূষণ, পানি দূষণ এবং জীববৈচিত্র্যের ওপর কিছু প্রভাব পড়তে পারে। এসব ঝুঁকি মোকাবিলায় বিশেষ প্রযুক্তি, সবুজায়ন এবং নিয়ন্ত্রিত নির্মাণকাজের মতো পরিকল্পনা গ্রহণের প্রস্তাব করা হয় সভায়।
উক্ত আলোচনা সভায় অংশ গ্রহণ করেন কেরানীগঞ্জ মডেল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজি শামিম হাসান, শাক্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন মন্টু, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, বিএনপি নেতা মাসুদ রানা, নয়াবাজার কলেজের অধ্যক্ষ আবদুল মালেক মিয়া ও নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দিদার আলি গুঞ্জন। এছাড়া পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও সভায় অংশ নেন।
অংশগ্রহণকারীরা প্রকল্প বাস্তবায়নের সময় স্থানীয় জনগণের স্বার্থ ও পরিবেশ সুরক্ষার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তাঁরা বিশেষ করে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ন্যায্য ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি তোলেন। স্থানীয়রা বলেন, উন্নয়ন অবশ্যই জরুরি, তবে জনগণের জীবন–জীবিকা ও পরিবেশের ভারসাম্য রক্ষা করেই প্রকল্প বাস্তবায়ন করতে হবে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) প্রতিনিধিরা সভায় জানান, জনগণের মতামত ও উদ্বেগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রকল্প পরিকল্পনায় প্রতিফলিত করা হবে। তাঁরা বলেন,জনগণের জন্যই উন্নয়ন। তাই জনগণের উন্নয়নমুলক সকল দিক প্রকল্প বাস্তবায়নে গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। জনগণের অংশগ্রহণ উন্নয়ন প্রকল্পকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও টেকসই করে তোলে।