
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় কোটচাঁদপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম হোসাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তানিয়া ইয়াসমিন। পবিত্র কোরআন তিলাওয়াত, গীতা পাঠ এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগমের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাস্টার আজিজুর রহমান, উপজেলা জামায়াতের যুব, মিডিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং পৌর মেয়র পদপ্রার্থী প্রভাষক শরিফুল ইসলাম, পৌর জামায়াতের আমির মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, পৌর বিএনপির সভাপতি সালাহউদ্দিন বুলবুল সিডল, এনসিপি নেতা হৃদয় আহমেদ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডা. তানভীর হাসান প্রতীক।
এ ছাড়া অনুষ্ঠানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিশু শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিয়ে প্রতিরোধ, শিক্ষা নিশ্চিতকরণ এবং সমাজে মেয়েদের সমান সুযোগ সৃষ্টির গুরুত্ব তুলে ধরা হয়। কন্যাশিশুর নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের শেষপর্যায়ে পুরস্কার বিতরণ করা হয়। কন্যাশিশুর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা এবং তাদের মেধা ও প্রতিভার বিকাশে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।