
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে পৃথক অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার এক আসামি ও ৭০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে পৌরসভার গাবতলাপাড়া এলাকা থেকে ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া পৃথক অভিযানে শুক্রবার (১৬ অক্টোবর) সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে প্রাপ্ত আসামি মো. আমিরুল ইসলাম দুঃখুকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আমিরুল ইসলাম দুঃখু (৪৫) কুশনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জালালপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সদস্য বলে পুলিশ সূত্রে জানা গেছে। তাঁর বাবার নাম মো. মনির হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে আমিরুল ইসলাম দুঃখুকে গ্রেপ্তার করে। তিনি কোটচাঁদপুর থানার ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখের ১৬ নম্বর মামলার তদন্তে প্রাপ্ত আসামি। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশোধিত ধারায় করা হয়েছে। গ্রেপ্তারের পর যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
অন্যদিকে, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে কোটচাঁদপুর পৌরসভার গাবতলাপাড়া এলাকায় তৈয়ব আলীর বাড়ির সামনের সড়কে অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করে পৌর পুলিশ ফাঁড়ির একটি দল। অভিযানে নেতৃত্ব দেন ফাঁড়িতে কর্মরত উপপরিদর্শক (এসআই) অমৃত মৈত্র।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গাবতলাপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. শাওন (২৪) এবং হাসপাতালপাড়ার মৃত বাবর আলীর ছেলে সাজু আহমেদ (৩৫)। পুলিশের দাবি, ইয়াবা কেনাবেচার সময় তাঁদের আটক করা হয়।
পুলিশ জানায়, তাঁদের কাছ থেকে ৭০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২১ হাজার টাকা। এ ঘটনায় ১৫ অক্টোবর কোটচাঁদপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলাটি তদন্ত করছেন উপপরিদর্শক রেজাউল করিম।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মেহেদী হাসান জানিয়েছেন গ্রেপ্তার তিনজনকেই যথাযথ আইনি প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানো হয়েছে।