
জাবি প্রতিনিধি
প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকুরিতে মুক্তিযোদ্ধাসহ ৩০ শতাংশ কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের দেওয়া রায়কে প্রত্যাখ্যান করে আবারও বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
আজ সোমবার (১ জুলাই) বেলা এগারোটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে জড়ো হয়ে মিছিল নিয়ে শহীদ মিনার প্রাঙ্গণ হতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেইট) পর্যন্ত যায় শিক্ষার্থীরা।
এসময় বোটানি বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম ইমন বলেন, যারা আজকে কোটা বিরুধী আন্দোলনে অংশগ্রহণ করেননি তাদের হয়তো অল্টারনেটিভ প্ল্যান আছে, কিন্তু তারা আগামী প্রজন্মকে কি জবাব দিবে? তারা হয়তো বলবে আমরা ভীতু-কাপুরুষ ছিলাম তাই আমরা ছাত্র অধিকারের সেই আন্দোলনে অংশগ্রহণ করতে পারিনি।
বক্তব্যে তিনি আরও সংযুক্ত করে বলেন, সংবিধানে স্পষ্ট লিখা আছে শুধুমাত্র পিছিয়ে পড়া গোষ্ঠীর জন্যই কোটা থাকবে। কিন্তু এই পিছিয়ে পড়া জাতি কি মুক্তি যোদ্ধার নাতি? নাকি মুক্তিযোদ্ধার ছেলে?
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী সিয়াম বলেন, আমরা যারা কোটা সংস্কার আন্দোলন করি আমরা নাকি জামাত-শিবির করি। কারণ হিসেবে দেখানো হয় আমরা রাষ্ট্রীয় আইনের বিরুদ্ধে আন্দোলন করছি। তাহলে আমরা বলতে চাই যে শিক্ষকরা আজকে প্রত্যয় পেনশন স্কিমের বিরুদ্ধে আন্দোলন করছে তারাও কি জামাত শিবির কিনা?
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের হুশিয়ারি দিয়ে বলেন, আমাদের দাবী পূরণ না হলে ঢাকা আরিচা মহাসড়কে লাগাতার অবরোধ কর্মসূচি দেওয়া হবে। একটা গাড়িও চলবে না ঢাকা-আরিচা মহাসড়কে।
মিছিল শেষে সংক্ষিপ্ত পরিসরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এসময় তারা লাখো শহিদের বাংলায়, কোটা প্রথার ঠায় নাই। জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছেসহ বেশ কয়েকটি স্লোগান দেয়।