
মো. সিফাতুল্লাহ তাসনীম
ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু আবাসিক হলের অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এই তালিকার অন্যতম হাজী মোহাম্মদ মুহসীন হল। মাঝে মাঝেই এই হলে পলেস্তারা খসে পড়ার ঘটনা ঘটে। আজ সোমবার (২৮ এপ্রিল) পুনরায় পলেস্তারা খসে পড়ার ঘটনায় বড় ধরণের বিপদ থেকে রক্ষা পেয়েছেন হলের আবাসিক শিক্ষার্থী আব্দুর রহমান আল ফাহাদ।
তিনি বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষে ইসলামিক স্টাডিজ বিভাগের একজন ছাত্র। তাছাড়া ক্যাম্পাসের বিভিন্ন যৌক্তিক সংস্কার ও সামাজিক আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা রাখছেন।
আব্দুর রহমান আল ফাহাদ তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসে লিখেন, আলহামদুলিল্লাহ, অল্পের জন্য প্রাণে বেঁচে গেলাম৷ মুহসিন হলের ভঙ্গুর অবস্থার কথা সবাই জানি। কিছুদিন পরপরই খসে পড়ছে ছাদের পলেস্তারা। আজ আমি শুয়ে থাকলে কিংবা পড়ার টেবিলে থাকলে নিশ্চিত বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারতো। মাত্র নামাজটা পড়ে জায়নামাজটা রাখছিলাম, তখনই ভয়ংকর শব্দে খসে পড়ে ছাদের এই অংশটি। আমার পায়ের পেছনের অংশে হালকা একটু লেগেছে, তাতেই এই অবস্থা। যদি ঘুমিয়ে থাকা অবস্থায় এটি পড়তো তাহলে কি যে হতো আল্লাহ ভালো জানে।
আব্দুর রহমান আরও লিখেছেন, বুয়েটের একটি প্রকৌশলী টিম ২০১৪ সালেই এই ভবনকে বসবাস অনুপযোগী ঘোষণা করেছে। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন নাকি এই বছরও এলটমেন্ট দিবে। রানা প্লাজার মতো ধ্বসে পড়ার আগে তাদের হুঁশ ফিরবে বলে মনে হচ্ছে না।