
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা পৌরসভার শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা ও বাজেট বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় পৌরসভা প্রশাসক মো. শরিফুল ইসলাম শহরের পয়ঃনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা এবং নাগরিক সেবার উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও আধুনিক মডেল উপস্থাপন করেন। গত ২০ নভেম্বর ২০২৪,এসকেএস Rising for Rights প্রকল্পের সহযোগিতায় গাইবান্ধা পৌরসভা হলরুমে অনুষ্ঠিত সভায় এই পরিকল্পনা উপস্থাপন করা হয়। FANSA Bangladesh এর সহায়তায় এসকেএস ফাউন্ডেশন গাইবান্ধা পৌরসভায় এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। সভায় প্রশাসক বলেন, পৌরসভার আর্থিক সামর্থ্যের কথা বিবেচনায় রেখে এসব মডেল ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে এবং এলক্ষ্যে উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। সভায় নবগঠিত টিএলসিসি সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, এই মডেলগুলো বাস্তবায়নের জন্য জনসচেতনতা ও শক্তিশালী জনমত গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য কমিটির সকল সদস্যকে একযোগে কাজ করতে হবে। তিনি সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে টেকসই সমাধান নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। শহরের পাবলিক টয়লেটগুলোর মানোন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, পৌরসভার নিজস্ব অর্থায়নে নতুন বাজারে অবস্থিত পাবলিক টয়লেট সংস্কারের কাজ চলমান এবং এসকেএস ফাউন্ডেশন-এর সহায়তায় বিয়াম ল্যাবরেটরী স্কুলের সামনে গণশৌচাগারটি অন্তর্ভূক্তিমূলককরণসহ সংস্কার কাজ সম্পন্ন হয়েছে এবং এটি সকলের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে। অন্যান্য টয়লেটগুলো নারীসহ সকলের ব্যবহার উপযোগী করা হবে এবং কমিউনিটি টয়লেটগুলোও ব্যবহার উপযোগী করা হবে। পৌর নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল হানিফ সরদার ওয়াশ বাজেট বাস্তবায়নসহ অন্যান্য উন্নয়ন কর্মসূচির অগ্রগতি তুলে ধরেন। সভায় সুশীল সমাজের প্রতিনিধিরা শহরের সার্বিক উন্নয়ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন এবং টিএলসিসি সদস্যদের সঙ্গে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন।
আধুনিক মডেলগুলো বাস্তবায়িত হলে শহরের নাগরিক সুবিধা ও পরিবেশগত উন্নয়নে স্থায়ী প্রভাব ফেলবে বলে আশাবাদ ব্যক্ত করেন পৌর প্রশাসক।