
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন তহবিল থেকে ৮৭ লক্ষ ৩৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আবু জাফর মোহাম্মাদ নাজমুল হুদার বিরুদ্ধে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে বিষয়টি প্রকাশ্যে এলে পুরো উপজেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গেছে, ঢাকা-রংপুর মহাসড়ক উন্নয়ন প্রকল্পের অধীনে মসজিদের অবকাঠামো বাবদ প্রাপ্ত অর্থ রেজুলেশন জালিয়াতির মাধ্যমে উত্তোলন করে নাজমুল হুদা তার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করেন। বিষয়টি জানতে পেরে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি কাজী আহসান হাবীব শাহীন এবং সদস্যবৃন্দ তাজুল ইসলাম মিলন, রমজান আলী ও আলমগীর হোসেন নাজমুল হুদাকে জিজ্ঞাসাবাদ করেন। প্রথমে অস্বীকার করলেও পরে তিনি আত্মসাতের ঘটনা স্বীকার করেন।
পরবর্তীতে তাকে সঙ্গে নিয়ে গাইবান্ধা পূবালী ব্যাংকে গিয়ে আত্মসাতকৃত টাকা উদ্ধার করে তা মসজিদের নিজস্ব একাউন্টে (সোনালী ব্যাংক, পলাশবাড়ী শাখা) হস্তান্তর করা হয়। যদিও মোট অর্থের মধ্যে ৫৬ হাজার টাকা এখনও উদ্ধার করা সম্ভব হয়নি, তবে মসজিদ কমিটি জানিয়েছে, বাকি অর্থ ৩০ এপ্রিল দুপুর ১টার মধ্যে ফেরত দেওয়ার কথা রয়েছে এবং উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর নতুন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পান নাজমুল হুদা, যিনি বাসুদেবপুর কলেজের গ্রন্থাগারিক এবং জামালপুর গ্রামের বাসিন্দা।