
(বগুড়া) প্রতিনিধি:
বগুড়ায় আকস্মিক ঝড়ে গাছের ডাল ভেঙে নারীসহ দু’জনের মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি বন্যানিয়ন্ত্রণ বাঁধ এলাকা এবং গাবতলী উপজেলার সুখানপুকুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওয়াহেদা বেগম (৫৫)। তিনি সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি গ্রামের মৃত সাহেব আলীর স্ত্রী। অপরজন শামিম আহম্মেদ (১৭)। সে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার পশ্চিম বাঙাবাড়ি গ্রামের সাম্মে আলীর ছেলে। সুখানপুকুর রেলস্টেশন মাস্টার আব্দুল মতিন জানান, সান্তাহার থেকে লালমনিরহাটগামী বগুড়া কমিউটার ট্রেনটি বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ক্রসিং ছিল। এ কারণে বগুড়া কমিউটার ট্রেনটি সুখানপুকুর স্টেশনে বিকেল সাড়ে ৪টা থেকে অপেক্ষা করছিল। বগুড়া কমিউটার ট্রেনের যাত্রীদের অনেকেই ট্রেন থেকে নেমে অপেক্ষা করছিলেন। বিকেল ৫টার দিকে আকস্মিকভাবে ঝড় শুরু হলে একটি গাছের ডাল ভেঙে শামিম আহত হয়। পরে তাঁকে সেখান থেকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, এ ধরনের ঘটনা শুনেছি, তবে নিহতের নাম পরিচয় আমরা জানতে পারিনি। অপর দিকে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম জানান, বিকেল ৫টার দিকে বাড়ির পার্শ্বে খড়ি কুড়াচ্ছিলেন ওয়াহেদা বেগম। এ সময় আকস্মিক ঝড়ে ইউক্যালিপটাস গাছের একটি ডাল তাঁর মাথার ওপরে এসে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের লোকজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।