
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের হোসেন মার্কেটে মঙ্গলবার বিকেলে ভাতিজির জানাযার নামাজে অংশ নিতে গিয়ে ট্রাক-সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছে। এঘটনায় ওই দম্পত্তির ছেলে বিসিএস কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। তারা সিএনজি যোগে ভাতিজীর জানাযায় অংশ নিতে যাচ্ছিলেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মোহাম্মদ নাসিম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কাচিঘাটা গ্রামের মজিবুর রহমান (৭৫) ও তার স্ত্রী হাবিবা (৬৫)। মহেজ উদ্দিন এঘটনায় ও দম্পত্তির ছেলে গাজীপুর সরকারী মহিলা কলেজের পদার্থ বিজ্ঞানের প্রভাষক হাবিবুর রহমান আহত হয়েছে। হাবিবুর রহমান ৩৩তম বিসিএস’র শিক্ষা ক্যাডার উত্তীর্ণ হয়ে ওই কলেজে কর্তব্যরত ছিলেন।
ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ সোহেল মোল্লা জানান, মঙ্গলবার বিকেল তিনটা ১৫ মিনিটের সময় হাবিব তার বাবা ও মা কে নিয়ে সিএনজি যোগে কাচিঘাটা গ্রামে ফিরছিলেন। তাদের বহনকারী সিএনজি চালিত অটোরিকশাটি কালিয়াকৈর উপজেলার মৌচাক-ফুলবাড়িয়া সড়কের হোসেন মার্কেট এলাকায় পৌঁচ্ছা মাত্রই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের বহনকারী সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে সিএনজি অটোরিকশায় থাকায় হাবিবুর রহমান, মজিবুর রহমান, হাবিবা খাতুন গুরুতর আহত হন। আহতবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে হাবিবা খাতুনকে চিকিৎসক মৃত ঘোষনা করেন। পরে হাবিবুর রহমান ও মজিবুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া পথে মজিবুর রহমান মারা যান। গুরুতর অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার পর স্থানীয়রা ট্রাক চালককে আটক করে পুলিশে দিয়েছে। আটক ট্রাক চালক আলী আহমেদ (৩০) গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানার পাইনশাইল গ্রামের আব্দুস ছালামের ছেলে।