
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :
চৌদ্দগ্রামে বালু নিয়ে পূর্ব বিরোধের জেরে মো. ইউসুফ নামের এক জামায়াতে ইসলামীর কর্মী এবং ইসলামী সংগীত শিল্পী ইউসুফকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার বাতিসা ইউনিয়নের আমজাদের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় কুমিল্লায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
নিহত ইউসুফ চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত গ্রামের বাসিন্দা। তিনি জামায়াতে ইসলামীর একজন কর্মী হিসেবে পরিচিত ছিলেন। পাশাপাশি তিনি ইসলামী সংগীত শিল্পী হিসেবেও পরিচিতি পেয়েছিলেন। সাম্প্রতিক সময়ে জীবিকার প্রয়োজনে মোটর সাইকেল রাইডার হিসেবে কাজ করতেন তিনি।
জানা যায়, বালু নিয়ে ফারিহা এন্টার প্রাইজের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদের পক্ষের লোকজনের সঙ্গে ইউসুফের পূর্ব বিরোধ ছিল। ওই বিরোধের জেরে আবুল কালাম আজাদ তাঁকে আমজাদের বাজার এলাকায় আসতে নিষেধ করেছিলেন। সোমবার ইউসুফ আমজাদের বাজার এলাকায় গেলে আবুল কালাম আজাদের নেতৃত্বে তাঁর গাড়িচালকেরা ইউসুফকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে কুমিল্লায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
ইউসুফের চাচা সাইফুল বলেন, সে সরল মানুষ ও সংগীত শিল্পী ছিল। তাকে এভাবে মারধর করে হত্যা করে ফেলবে আমরা কল্পনাও করিনি এ হত্যাকান্ডের বিচার চাই।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ আরিফ হোছাইন বলেন, এ ঘটনার সাথে যারাই সম্পৃক্ত তাদেরকে আইনের আওতায় আনা হবে। লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।