
মো.ফরহাদ হোসাইন,জবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে গত ১ অক্টোবর, সদ্য নিয়োগপ্রাপ্ত প্রভোস্ট ড. সাবিনা শারমিন সাধারণ শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভা করেন। শিক্ষার্থীদের বিভিন্ন দাবি নিয়ে আয়োজিত এই সভায় আরও উপস্থিত ছিলেন হলের বিভিন্ন ফ্লোরের হাউজ টিউটরগণসহ ড. নিপা দেবনাথ, সাজিয়া আফরিন, ড. তাসলিমা ইসলাম, দিপীকা মজুমদার, সামিনা বেগম ও ড. রাজিয়া সুলতানা।
সভায় শিক্ষার্থীরা হলের স্বায়ত্তশাসন, নিজস্ব ফান্ড ও বাজেটের জবাবদিহিতা, মেডিক্যাল সেন্টারে সার্বক্ষণিক নার্সের ব্যবস্থা এবং ক্যান্টিনের খাবারের মান বৃদ্ধির দাবি তুলে ধরেন। এ ছাড়াও শিক্ষার্থীরা হলের নাম পরিবর্তনের প্রস্তাব দেন, যেখানে কাকন বিবি, সেতারা বেগম, তারামন বিবি অথবা জাহানারা ইমামের নামে হলের নামকরণের প্রস্তাব করা হয়। অন্যান্য দাবির মধ্যে ছিল বড় গেইট স্থাপন, বার্ষিক ফি ২০০০ টাকা নির্ধারণ, সেন্ট্রাল রুম বরাদ্দ, সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠা, লন্ড্রি সুবিধা, এবং ইলেকট্রনিকস সেবার ফ্রি ব্যবস্থা করা।
প্রভোস্ট ড. সাবিনা শারমিন শিক্ষার্থীদের দাবি গুরুত্বের সাথে বিবেচনা করার আশ্বাস দেন। তিনি জানান, ক্যান্টিনের খাবারের মান বৃদ্ধির পাশাপাশি, হলের প্রবেশের সময় রাত ১০ টায় নির্ধারণ এবং ছাত্রীদের নিরাপত্তার স্বার্থে একজন গার্ডকে রাত ১০ টা পর্যন্ত গেটের বাইরে নিযুক্ত করা হবে। এছাড়া, হলের স্বায়ত্তশাসনের বিষয়ে তিনি বলেন, হলের জন্য আলাদা বরাদ্দ না থাকায় এটি বিশ্ববিদ্যালয়ের ফান্ডের উপর নির্ভরশীল। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে এ বিষয়ে আলোচনা অব্যাহত আছে।
হলের নাম পরিবর্তনের দাবির বিষয়ে তিনি বলেন, শিক্ষার্থীরা গণস্বাক্ষরসহ আবেদন করলে এটি বিশ্ববিদ্যালয় প্রশাসন বিবেচনা করতে পারে। তিনি দ্রুতগতির ইন্টারনেট সংযোগ স্থাপন এবং লিফটের ফ্যান মেরামতসহ অন্যান্য সমস্যার সমাধানে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
সংস্কার আন্দোলনের প্রতিনিধিরাও সভায় অংশগ্রহণ করেন এবং প্রভোস্ট ম্যামের আশ্বাসে সন্তুষ্টি প্রকাশ করেন। তারা জানান, হলের ইন্টারনেট সংযোগ এবং অন্যান্য সমস্যাগুলোর সমাধান প্রক্রিয়াধীন রয়েছে।