
জামালপুর প্রতিনিধি
জামালপুর পৌর ছাত্রদলের নবগঠিত কমিটি বিলুপ্তির দাবিতে মশাল মিছিল করেছে ছাত্রদলের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।
শুক্রবার রাতে স্থানীয় ফুলবাড়িয়া ঈদগাঁ মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর পদক্ষিন শেষে মেডিকেল রোডে বুড়ির দোকান মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় ছাত্রদলের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা দয়াময়ী চত্বর এলাকায় টায়ার জালিয়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সড়কের উপর বিক্ষোভ করে।
বিক্ষোভকারীদের অভিযোগ, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গ সংগঠনের সারাদেশের নেতাকর্মী যখন ঢাকামূখী ঠিক তখন জামালপুর পৌরসভা ছাত্রদলের আহবায়ক কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে।
রবিন আহম্মেদকে আহবায়ক ও ফাহিম হোসেন পান্নাকে সদস্য সচিব করে গঠিত কমিটি গত ১৫ ডিসেম্বর কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে গত ২৪ ডিসেম্বর সন্ধ্যায়। ছাত্রদলের ত্যাগী ও নির্যাতিত নেতা-কর্মীরা এই কমিটিতে জাযগা না পেলেও গুরুত্বপূর্ণ পদে রয়েছে ফল ব্যবসায়ী এবং অছাত্ররা।
কমিটি বিলুপ্ত করা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে বিক্ষুব্ধরা।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন শহর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সৈকত সালমান,
বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন সম্পাদক হাদিউল ইসলাম রাব্বি, জেলা ছাত্রদলের সাবেক সহ-দপ্তর সম্পাদক পাবেল মাহমুদ, শরীফপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান সহ প্রমুখ।
তবে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ শফিকুর রহমান শফিক মুঠোফোনে জানান, বিগত সময়ে যারা মাঠে কাজ করেছে তাদেরকে বাদ দিয়ে পাঁচই আগস্টের পরে যারা দলে এসেছে তাদেরকেই এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।