
জামালপুর প্রতিনিধি
গত ৯ জানুয়ারি অনুষ্ঠিত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, ডিজিটাল ডিভাইস জালিয়াতি এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ওই পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন চাকরিপ্রার্থীরা। আজ সকাল ১১ টায় সরকারী আশেক মাহমুদ কলেজের সামনে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া আন্দোলনকারীরা অভিযোগ করেন যে, পরীক্ষার শুরু থেকেই বিভিন্ন কেন্দ্র থেকে অনিয়মের খবর পাওয়া গেছে।
মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা বছরের পর বছর কঠোর পরিশ্রম করে পরীক্ষার প্রস্তুতি নেই। কিন্তু যদি প্রশ্ন ফাঁস আর জালিয়াতির মাধ্যমে অযোগ্যরা নিয়োগ পায়, তবে মেধাবীরা বঞ্চিত হবে। এই কলঙ্কিত পরীক্ষা আমরা মানি না। আমরা অবিলম্বে এই পরীক্ষা বাতিল করে পুনরায় স্বচ্ছ প্রক্রিয়ায় পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছি।”
বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা আরও জানান, জালিয়াতি চক্রের মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এবং ভবিষ্যতে নিয়োগ পরীক্ষায় এ ধরনের ঘটনা রোধে কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।