
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ৫জনকে গ্রেফতার করেছে। বুধবার রাত সাড়ে ৮টায় তাদেরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় জীবননগর থানায় একটি মামলা হয়েছে।
জীবননগর থানার সাব-ইন্সপেক্টর সাইফুল ইসলাম ও জাহাঙ্গীর আলম বলেন, জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাসের নেতৃত্বে বুধবার রাতে জীবননগর শহরে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবারে ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে জীবননগর মডেল মসজিদ সংলগ্ন রাস্তা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেন গোপালগঞ্জের মকছুদপুর উপজেলার উত্তর জলিরপাড় গ্রামের পরিমল বাড়ৈ’র ছেলে প্রান্তস বাড়ৈ (২৩), সাতক্ষীরার কলারোয়া উপজেলার তুলসীভাদা গ্রামের আব্দুল খালেকের ছেলে মনিরুল ইসলাম (৩৫), একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মজনু সরদার (৪০), মাদারীপুরের রাজৈর উপজেলার মৃধাবাড়ী গ্রামের বিশম্বর বাড়ৈ’র মেয়ে সংগীতা বাড়ৈ (২০) ও ছেলে সৈরভ বাড়ৈ (১৯)। গ্রেফতারকৃতরা সকলেই সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল।
জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতরা সকলেই ভারতে অবৈধ পথে অনুপ্রবেশের চেষ্টা করছিল। আমরা বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে তাদেরকে গ্রেফতার করি। ঘটনার ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।