
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের পৃথক অভিযানে মোট ১২৭ কেজি ২০০ গ্রাম কথিত অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে টাঙ্গাইল জেলার মধুপুর থানার অরুণখোলা ও ভুটিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—অরুণখোলা এলাকায় বিপুল পরিমাণ গাঁজা মজুদ রেখে মাদক কারবারীরা কেনাবেচা করছে। পরে সিপিসি-৩, র্যাব-১৪ এর একটি চৌকস দল অভিযানে গিয়ে মধুপুর থানার ভুটিয়া গ্রামের বাসিন্দা মোঃ নজরুল ইসলাম (৩৪)-এর বাড়ি থেকে একটি ট্রাংকের ভেতর লুকানো ১১৪ কেজি গাঁজা উদ্ধার করে তাকে গ্রেফতার করে।
পরে জিজ্ঞাসাবাদে নজরুল জানায়, তার সহযোগী মোঃ স্বপন মিয়া (২৯)-এর বাড়িতেও আরও গাঁজা মজুদ আছে। এ তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা স্বপনের বাড়িতে গেলে স্বপন ও তার স্ত্রী মোছাঃ জেসমিন (২৭) আগেই পালিয়ে যায়। উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে সেখানে আরও ১৩ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
সব মিলিয়ে উদ্ধার হওয়া ১২৭ কেজি ২০০ গ্রাম অবৈধ গাঁজার আনুমানিক বাজারমূল্য ৩৮ লাখ ১৬ হাজার টাকা বলে জানায় র্যাব।
ঘটনার পর গ্রেফতারকৃত নজরুল ইসলামসহ পলাতক স্বপন মিয়া ও তার স্ত্রী জেসমিনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধার করা মাদকদ্রব্য মধুপুর থানায় হস্তান্তরের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।