
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
বুধবার (১০ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের ‘হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি’র সভাপতি হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপিকে মনোনয়ন প্রদান করা হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নবনিযুক্ত সভাপতির নেতৃত্বে হাসপাতালের চিকিৎসাসেবা, প্রশাসনিক কার্যক্রম ও জনসেবার মানোন্নয়নে নতুন গতি আসবে। পাশাপাশি হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, রোগীবান্ধব সেবা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যসেবার সামগ্রিক মান বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে এই কমিটি।
উল্লেখ্য, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল জেলার অন্যতম বৃহৎ সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হিসেবে প্রতিদিন হাজারো রোগীকে চিকিৎসাসেবা প্রদান করে আসছে।