
মধুপুর প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের বেলুটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আজ (বুধবার) এক উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হলো ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫’। হাজারো দর্শকের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ মাঠে অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় মুখোমুখি হয়েছিল রামনগর একাদশ ও বড়ুরিয়া একাদশ।
আজ বুধবার (১১ই মে) বিকাল ৫:৩০টায় শুরু হওয়া ম্যাচটি নির্ধারিত ৭০ মিনিট (৩০+১০+৩০) শেষে গোলশূন্য অমীমাংসিত থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। স্নায়ুক্ষয়ী পেনাল্টি শুটআউটে বড়ুরিয়া একাদশকে ৫-৪ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রামনগর একাদশ। পুরো খেলাটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। চ্যাম্পিয়ন দলকে আকর্ষণীয় ফ্রিজ এবং রানার্সআপ দলকে এলইডি টিভি উপহার হিসেবে দেওয়া হয়।
টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর থানার অফিসার ইনচার্জ জনাব মো. এমরানুল কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জনাব মিজানুর রহমান রনি।
ছাত্রদল নেতা রনি তার বক্তব্যে বলেন, “খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ছাত্রদল সবসময় তরুণদের ইতিবাচক পথে রাখার জন্য অঙ্গীকারবদ্ধ।”
আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠানে উপস্থিত হয়ে মধুপুর থানার অফিসার ইনচার্জ জনাব মো. এমরানুল কবির বলেন, “আজকের এই সুন্দর ও সুশৃঙ্খল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল দেখে আমি সত্যিই আনন্দিত। খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই।”
তিনি আরো বলেন, “বেলুটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে হাজারো দর্শকের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে, আমাদের সমাজে খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ কতটা গভীর। আমি আশা করি, এই ধরনের টুর্নামেন্ট ভবিষ্যতেও আয়োজিত হবে এবং তরুণরা খেলাধুলার মাধ্যমে নিজেদের শারীরিক ও মানসিক বিকাশের সুযোগ পাবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রেখে এমন একটি সফল টুর্নামেন্ট আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে আমি ধন্যবাদ জানাই।”
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
