
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইল শহরে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চার্জার ফ্যান বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার দুপুরে শহরের ভিক্টোরিয়া রোড এলাকায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল। এ সময় মারুফ ইলেকট্রনিক নামে একটি দোকানে চার্জার ফ্যানের মূল্য অযৌক্তিকভাবে বেশি নেওয়ার প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল জানান, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে কিংবা অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে পণ্যের দাম বাড়ানো হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এদিকে, অভিযানের খবর ছড়িয়ে পড়লে আশপাশের ব্যবসায়ীদের মধ্যে সতর্কতা লক্ষ্য করা যায়। ভোক্তারা এমন অভিযানে সন্তোষ প্রকাশ করে বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানান।
এনএসআই ও পুলিশ সদস্যরা সহযোগীতা করেন।