
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলে মাদকাসক্তি প্রতিরোধ ও তথ্য অপপ্রচাররোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত। সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আদিবুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মিয়া, ডেপুটি সিভিল সার্জন ডা. মুহম্মদ আজিজুল হক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুল, জেলা আইসিটি কর্মকর্তা হারুন অর রশিদ এবং জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন জামে মসজিদের ইমাম এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, মাদকাসক্তি ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। মাদকের বিস্তার রোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করে গুজব ও অপপ্রচার প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। সভায় মাদক প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।