
গোপালগঞ্জ প্রতিনিধিঃ
স্বাধীনতার মাসের প্রথমদিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সদস্য ও ডেইলি পোস্টের সম্পাদক হাশেম রেজা।
শনিবার দুপুরে তিনি জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। এরপর বাঙালির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি সম্মান প্রদর্শন করে বেদীর পাশে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু সহ তার পরিবার ও মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সদস্য ও ডেইলি পোস্টের সম্পাদক হাশেম রেজা।
এসময় গোপালগঞ্জ সদর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আইয়ুব আলী খান, সুকতাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন খান, গোপীনাথপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শেখ হাসান, গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মোঃ কাদের শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে হাশেম রেজা বলেন, ১৯৭১ সালের এই মার্চ মাসেই জাতির পিতা স্বাধীনতার ঘোষনা করেছিলেন। তার মাধ্যমেই বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পেয়েছিলেন। তাই এই মার্চের প্রথমদিনে বাঙালির মুক্তির এই মহানায়কের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে আমি গর্বিত। আর জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বজুড়ে উন্নয়নের রোল মডেল। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি।