
ঢাবি প্রতিনিধি
মো. সিফাতুল্লাহ তাসনীম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ইসলামিক স্টাডিজ: ক্যারিয়ার ভাবনা’ শীর্ষক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কলাভবনের ২০২৫ নং রুমে দুপুর দেড়টায় এ অনুষ্ঠান শুরু হয়।
বিশ্ববিদ্যালয়টির ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের সাংস্কৃতিক সংগঠন ডিপার্টমেন্ট অব ইসলামিক স্টাডিজ কালচারাল ক্লাব (ডিআইএসসিসি) এই সিম্পোজিয়ামের আয়োজন করে। ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মোস্তফা মঞ্জুর এতে দিক-নির্দেশনামূলক আলোচনা করেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন জিজ্ঞাসার উত্তর প্রদান করেন। ইসলামিক স্টাডিজ সাবজেক্টের বিভিন্ন শাখা-উপশাখা এবং এই সাবজেক্ট থেকে ভবিষ্যতে বিভিন্ন সেক্টরে ক্যারিয়ার গড়ার সুযোগ সম্পর্কে তিনি আলোকপাত করেন। একই সময়ে, গবেষণায় মনযোগের ব্যাপারে তিনি উপস্থিত শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করেন।
সিম্পোজিয়ামে ইসলামিক স্টাডিজ কালচারাল ক্লাবের কনভেনর মাজহারুল ইসলাম ক্লাবের উদ্যোগে আরও বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা চক্র চলমান রাখার ঘোষণা দেন এবং ক্লাবটির কার্যনির্বাহী সদস্য মো. সাজিদ হাসান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
সিম্পোজিয়ামে অংশ নেওয়া ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইউসুফ বিন শাফী ভোরের বাংলা নিউজকে জানান, এই প্রোগ্রামে উপস্থিত থাকতে পেরে আমি সত্যিই আনন্দিত। কারণ, অনেকক্ষেত্রে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা এই সাবজেক্ট নিয়ে হীনম্মন্যতায় ভূগেন। তবে আজকে সম্মানিত স্যারের আলোচনা থেকে আমরা ইসলামিক স্টাডিজ থেকে ক্যারিয়ার গড়ার বিভিন্ন ক্ষেত্র সম্পর্কে জানতে পেরেছি। শিক্ষার্থীদের ক্যারিয়ার নিয়ে এরূপ গাইডলাইনমূলক প্রোগ্রাম আয়োজন করায় ইসলামিক স্টাডিজ কালচারাল ক্লাবকে ধন্যবাদ জানাই। আশা করি ভবিষ্যতে ক্লাবের উদ্যোগে এরূপ শিক্ষামূলক বিভিন্ন প্রোগ্রাম আয়োজনের ধারা অব্যাহত থাকবে।