
তারেক মুহাজির, জাবি প্রতিনিধি
৩১ জুলাই নির্বাচনের দিন উল্লেখ করে দীর্ঘ প্রতীক্ষার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) রাতের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত অফিস আদেশে জানানো হয়, জাকসুর গঠনতন্ত্রের ৮(খ) ধারা অনুযায়ী নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মনিরুজ্জামানকে প্রধান করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন, জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ মাফরুহী সাত্তার, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. খোঃ লুৎফুল এলাহী এবং নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা।
নির্বাচন পরিচালনায় নিযুক্ত প্রধান কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান আনুষ্ঠানিকভাবে এই তফসিল ঘোষণা করেন।
তফসিলে ঘোষণা করা হয় ভোটার খসড়া ও আচরনবিধি প্রকাশিত হবে ১২ মে। চূড়ান্ত ভোটার তালিকা ও আচরণবিধি সম্পর্কে আপত্তিগ্রহণ শেষে ৩০ জুন চূড়ান্ত ভোটার তালিকা ও আচরনবিধি প্রকাশ করা হবে। ১ জুলাই থেকে ৩ জুলাই বিকেল ৫.০০ টার মধ্যে মনোনয়নপত্র সংগ্রহপূর্বক ১-৭ জুলাইয়ের মধ্যে মনোনয়নপত্র জমাদান করতে হবে। ৯ জুলাই খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১১ জুলাই প্রার্থীর বৈধতা ও বাতিলের বিরুদ্ধে আপিল আবেদনগ্রহণ ও ১৩ জুলাই আপিলের শুনানি গ্রহণ ও রায় ঘোষণা করা হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১৪ জুলাই। ১৫ জুলাই প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ১৬-২৮ জুলাই প্রার্থীরা তাঁদের নির্বাচনী প্রচারণা করবে। সর্বশেষ ৩১ জুলাই সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে একইদিনে ভোটগণনা ও ফলাফল প্রকাশ করা হবে।
হল সংসদ নির্বাচনের নীতিমালা সম্পর্কে জানতে চাইলে নির্বাচন কমিশনার আধ্যাপক ড. মনিরুজ্জামান বলেন, হল সংসদের বিষয়ে প্রাধ্যক্ষের সাথে সমন্বয় করে নীতিমালা প্রণয়ন করা হবে।
নিরাপত্তা প্রশ্নে নির্বাচন কমিশনের সদস্যসচিব বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. রাশিদুল আলম বলেন, নির্বাচনের আগে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে এবং নির্বাচনকালীন সময়ে কঠোরভাবে বহিরাগত নিয়ন্ত্রণ করে নিরাপত্তা নিশ্চিত করা হবে। নিরাপত্তানিশ্চিতে সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে এবং প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা নেওয়া হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, ১৯৯২ সালের পর দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হতে যাচ্ছে।