
মোহাম্মদ আব্দুন নুর রানা
সিনিয়র রিপোর্টার:
ফরিদপুরের বোয়ালমারীতে সড়ক দুর্ঘট নায় আলিফ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় গত রোববার ২৫ জানুয়ারি বিকেলে আলফাডাঙ্গা থেকে বোয়ালমারীর দিকে আসছিল রেন্ট এ কারের একটি প্রাইভেট কার। গাড়িটি চালাচ্ছিলেন মোহাম্মদ রাশেদ মোল্লা (৪০)। তিনি মৃত তুরাব আলীর ছেলে এবং ফরিদপুর কোতয়ালী থানার হাট গোবিন্দপুর এলাকার বাসিন্দা।
প্রাইভেট কারটির নম্বর ঢাকা মেট্রো-গ-২৩-৪১৪৮
বোয়ালমারী থেকে সহস্রাইলগামী সড়কে পৌঁছালে একটি আঁখ টানা গাড়িকে ওভারটেক করার সময় প্রাইভেট কারটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী শিপন তার স্ত্রী এবং তাদের ছেলে আলিফ গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। আলিফের অবস্থার অবনতি হলে তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত্যু হয়।
খবর লেখা পর্যন্ত শিশুটির মরদেহ ঢাকা থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়নি বলে জানা গেছে।
এ ঘটনায় প্রাইভেট কারের চালক রাশেদ মোল্লাকে পুলিশ গ্রেপ্তার করেছে। বোয়ালমারী থানা পুলিশ জানিয়েছে দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।