
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্ব স্ব ক্ষেত্রে স্বনামধন্য ও বয়োজ্যেষ্ঠ্য অধ্যাপকগণকে বাদ দিয়ে প্রায় সকল বিভাগেই আজ্ঞাবহ , অনভিজ্ঞ এবং তরুণ শিক্ষকদের সিলেকশন বোর্ডের সদস্য হিসেবে মনোনয়ন দেওয়ার তীব্র নিন্দা জানিয়েছে শিক্ষক ঐক্য পরিষদ । সেই সাথে অতি সত্বর পূর্বের ন্যায় বয়োজ্যেষ্ঠ অধ্যাপকগণকে সিলেকশন বোর্ডের সদস্য হিসেবে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিএনপি পন্থী ও আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশের সংগঠন ‘শিক্ষক ঐক্য পরিষদ ‘।
আজ রবিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে নয়টায় উপাচার্যকে এই দাবি সম্বলিত স্মারক লিপি প্রদান করেন করেন তারা।
এই দাবি সহ মোট সাতটি দাবিতে স্মারকলিপি প্রদান করেন তারা। অন্য দাবিগুলো হলো: দল ভারী করার জন্য শিক্ষক নিয়োগ দেওয়া যাবে না; সিলেকশন বোর্ডে বয়োজ্যেষ্ঠ শিক্ষকদের নিয়োগ দিতে হবে ; জীববিজ্ঞান অনুষদ, ব্যবসায় শিক্ষা অনুষদ, আইন অনুষদ, আইবিএ ও আইআইটির শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য অত্যাবশ্যক অবকাঠামাগুলো অতি দ্রুত নির্মাণের উদ্যোগ নিতে হবে ; অস্থায়ী পদে কর্মরত সম্মানিত সহকর্মীগণকে দ্রুত স্থায়ী পদে পদায়ন করতে হবে ও পূর্বের ন্যায় শর্ত পূরণের দিন থেকেই স্বীয়-পদে স্থায়ীকরণ করতে হবে ; যথাযথ তদন্ত সাপেক্ষে যৌন নিপীড়নের সকল অভিযোগের নিষ্পত্তি করতে হবে ;শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় একদল উশৃংখল শিক্ষার্থীর অযাচিত ও নজিরবিহীন হস্তক্ষেপের বিরুদ্ধে প্রশাসনকে কার্যকর ভূমিকা
গ্রহণ করতে হবে।
স্মারকলিপি জমাদানের বিষয়ে ‘শিক্ষক ঐক্য পরিষদের’ সদস্য অধ্যাপক মোতাহার হোসেন বলেন উপাচার্য আমাদের দাবিগুলো দেখেছেন। তিনি আমাদের দাবিগুলো পূরণের আশ্বাস দিয়েছেন।
উল্লেখ্য, এসময় স্মারকলিপিতে শিক্ষক ঐক্য পরিষদের পক্ষে স্বাক্ষর করেন, অধ্যাপক ড. মোঃ শামসুল আলম, অধ্যাপক ড. এনামুল্যা, অধ্যাপক ড. মোঃ সোহেল রানা, অধ্যাপক ড. খোঃ লুৎফুল এলাহী, অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, অধ্যাপক ড. বোরহান উদ্দিন, অধ্যাপক ড. সোহেল আহমেদ, অধ্যাপক ড. মোঃ মোতাহার হোসেন।