
রিয়া মনি
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের কলসকাঠী গ্রামে গৃহবধূ আসমা আক্তার (৫৫) হত্যার ঘটনায় তার স্বামী আবুল হোসেন (৫৫) ও সৎ মেয়ে সাকিবা আক্তার মৌসুমী (২৫) কে গ্রেপ্তার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ।
শনিবার (২৬ জুলাই) সকালে বাকেরগঞ্জ থানার পক্ষ থেকে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়।
গত ১৭ জুন (মঙ্গলবার) সন্ধ্যায় আসমা বেগমকে গলা কেটে হত্যা করে অজ্ঞাত দুর্বৃত্তরা। ঘটনার পরদিন ১৮ জুন নিহতের বড় ছেলে আছিম বিল্লাহ বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বাকেরগঞ্জ থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ বলেন, “নিহতের ছেলে বাদী হয়ে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে নিহত আসমা বেগমের স্বামী ও কন্যার প্রাথমিকভাবে হত্যা ঘটনায় সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাই তাদের গ্রেপ্তার করে শনিবার দুপুর ১২টায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”