
নীলফামারী প্রতিনিধি
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির নেতা-কর্মীদের মধ্যে এখন চরম হতাশা। তারা বলে, তারেক জিয়াই সব শেষ করল, নির্বাচন করলেই ভালো হত।
রোববার নীলফামারীতে জেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা আওয়ামী লীগ আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ সব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি নেতাদের সঙ্গে বিভিন্ন স্টেশনে, বন্দরে, বিয়ে-শাদীর অনুষ্ঠানে দেখা হলে ‘কী ঘটনা’ জিজ্ঞেস করলে তারা বলেন- সব উনি শেষ করেছেন। উনি কে? তারেক রহমান। কারণ আজকে বিএনপিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন তারেক রহমান।
বিএনপি জনগণের জন্য রাজনীতি করে না দাবি করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা যখন শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করছি, শীতবস্ত্র বিতরণ করছি, বিএনপি কই? তাদের খুঁজে পাওয়া যায় না। বিএনপিকে কখন খুঁজে পাওয়া যায়, যখন পেট্রোল বোমা মারে। আর জাতীয় পার্টি কই, তাদেরও খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা এখন রওশন এরশাদ আর জিএম কাদের এই দুজনকে নিয়ে ব্যস্ত আছেন। শুধু আওয়ামী লীগ জনগণের কাছে আছে।
সমাবেশের বিষয়ে হাছান মাহমুদ বলেন, আপনারা দেখতে পেয়েছেন সারা পৃথিবীর সব রাষ্ট্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে অভিনন্দন জানাচ্ছে এবং কাজ করার আগ্রহ ব্যক্ত করছে। এতেই বিএনপির মধ্যে হতাশা আরও গভীর হয়েছে।
আওয়ামী লীগের রাজনীতি জনগণের রাজনীতি, খেটে খাওয়া গণমানুষের কল্যাণের রাজনীতি উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সাধারণ মানুষের নেত্রী। দূর থেকে মনে হয় প্রধানমন্ত্রী, যখন গিয়ে কথা বলবেন তখন মনে হবে উনি আপনার মা কিংবা বড় বোন। এমনই হচ্ছেন প্রধানমন্ত্রী। এখানেই হচ্ছে অন্যদের সঙ্গে জননেত্রীর পার্থক্য।’
পররাষ্ট্রমন্ত্রী হাছান বলেন, ‘শেখ হাসিনা গৃহহীনদের জন্য ১০ লাখ ঘর নির্মাণ করে দিয়েছেন যা বিশ্বের অন্য কোথাও করা হয়েছে কি না আমার জানা নেই। শুধু তাই নয়, বয়স্কভাতা, বিধবাভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, পঙ্গু ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ ২২ প্রকারের ভাতা দেওয়া হয়। প্রতিটি ইউনিয়নের পাঁচ হাজার পর্যন্ত নানা ধরণের ভাতাভোগী আছেন। আর মেয়ে স্কুলে গেলে আপনার মোবাইল ফোনে টাকা চলে আসবে। করোনাভাইরাসের টিকাদান বিশ্বের ১৩০টি দেশে শুরু হওয়ার আগে বাংলাদেশে শুরু হয়েছে। এটা হচ্ছে শেখ হাসিনার আওয়ামী লীগ। তাই আওয়ামী লীগ যেমন আপনাদের পাশে আছে, আপনারও আওয়ামী লীগের পাশে থাকবেন।’
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মমতাজুল হকের সঞ্চালনায় আরও বক্তৃতা দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, শাহাবুদ্দিন ফরাজী প্রমুখ।