প্রতিনিধি,জগন্নাথ বিশ্ববিদ্যালয়
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড’-এ শিক্ষা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিজয় অ্যাওয়ার্ড ২০২৬ অর্জন করেছে লক্ষ্মীপুর স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
সিটিজেন প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সহযোগী হিসেবে ছিল উইনসাম ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড সলিউশন এবং বিজয় ফাউন্ডেশন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা ব্যক্তি ও সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়।
আয়োজকদের তথ্যমতে, সামাজিক কল্যাণ, ব্যবসা, সংস্কৃতি, খেলাধুলা, মিডিয়া ইনফ্লুয়েন্সার ও শিক্ষা—এই ছয়টি বিভাগে সারা দেশ থেকে মোট ৩৫৬টি আবেদন জমা পড়ে। সেখান থেকে যাচাই-বাছাইয়ের মাধ্যমে মানুষের জীবনে উল্লেখযোগ্য ও কল্যাণমূলক অবদান রাখা ২৫ জন ব্যক্তি ও সংগঠনকে চূড়ান্তভাবে সম্মাননার জন্য নির্বাচিত করা হয়।
লক্ষ্মীপুর স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষে সম্মাননা গ্রহণ করেন সংগঠনের সভাপতি নিশাদ মাহমুদ ফরহাদ। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ পাভেল এবং ছাত্র বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহমেদ।
সম্মাননা প্রাপ্তির পর সংগঠনের সভাপতি নিশাদ মাহমুদ ফরহাদ বলেন, “এই সম্মাননা শুধু আমাদের সংগঠনের নয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত লক্ষ্মীপুরের প্রতিটি শিক্ষার্থীর অর্জন। এটি আমাদের প্রতিটি সদস্যের নিষ্ঠা, ঐক্য এবং সমাজের প্রতি দায়বদ্ধতার স্বীকৃতি। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণ, শিক্ষা সহায়তা ও মানবিক কার্যক্রমে আরও বৃহৎ পরিসরে কাজ করে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এ সম্মাননা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। সকল শুভাকাঙ্ক্ষী, সদস্য এবং আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”