
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের মধুপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় হুমায়ুন কবির (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যায় মধুপুর পৌরসভার বংশাই নদীর ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুমায়ুন কবির মধুপুর উপজেলার মির্জাবাড়ী এলাকার সামছুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় বংশাই নদীর ব্রিজের ওপর দিয়ে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী হুমায়ুন কবির গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর মধুপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাস ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়। মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) দুলাল নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার পর কিছু সময় সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।