
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পালন করা হয়েছে ত্রিশাল উপজেলা মুক্ত দিবস। ১৯৭১ সালের ৯ ডিসেম্বর মুক্ত করা হয়েছিল ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলা। সেদিনটিকে স্মরণে রেখে প্রতিবছরের ন্যায় এবারও দিনটিকে পালন করা হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ।
পুষ্পার্পণ শেষে উপাচার্য বলেন,৯ ডিসেম্বর ত্রিশাল মুক্ত দিবস। ত্রিশালের সাধারণ জনগণ এবং বীর মুক্তিযোদ্ধারা ত্রিশালকে শত্রুমুক্ত করবার আগে এবং শত্রমুক্ত করবার সময় যে উদ্দীপনা, বীরত্ব দেখিয়েছে, শত্রুদের ধ্বংস করা এবং শত্রুদের হটিয়ে দেওয়ার যে ইতিহাস তা আমাদের জাতীয় ইতিহাসের ই অংশ।
তিনি আরো বলেন, ১৬ ই ডিসেম্বর বাংলাদেশের চূড়ান্ত বিজয় অর্জনের পূর্বেই বিভিন্ন অঞ্চল শত্রু মুক্ত হতে শুরু করে। ৭ ডিসেম্বর শেরপুর, ৮ ডিসেম্বর নেত্রকোনা এবং ৯ ডিসেম্বর ত্রিশালের বীর মুক্তিযোদ্ধারা এই অঞ্চল কে শত্রু মুক্ত করে। এরপর ধীরে ধীরে ঢাকার দিকে অগ্রসর হয়।
শনিবার (০৯ ডিসেম্বর) সকাল সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের পর একটি বিজয় শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখরের নেতৃত্বে শোভাযাত্রাটি প্রথমে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও পরে ‘চির উন্নত মম শির’-এ ফুলেল শ্রদ্ধা নিবেদন করে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ্যে এই শোভাযাত্রা থেকে উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর ও ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান এই ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. রিয়াদ হাসান, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জী, ছাত্র উপদেষ্টা ড. মোহাম্মদ মেহেদী উল্লাহসহ অন্যরা।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি দিবসটিকে স্মরণ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, কর্মকর্তা পরিষদসহ অন্যরা পুষ্পস্তবক অর্পণ করে।