
মো. নাজিউল্লাহ ভূঁইয়া,
কেরানীগঞ্জ প্রতিনিধি
ঢাকার কেরানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া ছয় ছাত্রের পরিবারের খোঁজখবর নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়া।
রবিবার (১৩ জুলাই) তিনি দিনব্যাপী কোন্ডা, শুভাঢ্যা, আব্দুল্লাহপুর ও তারানগর ইউনিয়নে শহীদ পরিবারের বাড়ি বাড়ি যান। এ সময় তিনি পরিবারগুলোর সদস্যদের সঙ্গে একান্ত সময় কাটান, তাঁদের খোঁজখবর নেন এবং পাশে থাকার আশ্বাস দেন।
পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা, শাড়ি এবং মৌসুমি ফল উপহার দেওয়া হয়। ইউএনওকে সামনে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,
“এই শহীদ ছাত্ররা কেবল কেরানীগঞ্জের নয়, বরং গোটা দেশের গর্ব। তাঁদের আত্মত্যাগ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা তাঁদের পরিবারের পাশে আছি এবং থাকব।”
তার এ মানবিক উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শহীদ পরিবারের সদস্যরা বলেন,“ছেলেরা আর ফিরে আসবে না, কিন্তু সমাজ ও রাষ্ট্রের সহানুভূতি আমাদের বাঁচার শক্তি জোগায়।”
সফরকালে ইউএনও’র সঙ্গে ছিলেন কেরানীগঞ্জ উপজেলার বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মী এবং এলাকার বিশিষ্টজনেরা। তারা শহীদ পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং ভবিষ্যতে সরকারি সহায়তার আশ্বাস পুনর্ব্যক্ত করেন।
উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের স্মরণে এক সভার আয়োজন করা হয়। সেখানে শহীদদের নামে রাস্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণের দাবি ওঠে এবং তাঁদের কবরসমূহ পাকা করার ঘোষণাও দেওয়া হয়।