
সাইমুল রাজু:
সম্প্রীতির বাংলাদেশ গড়তে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিহারের আহ্বান জানিয়েছেন বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক এবং শ্রী শ্রী রমনা কালীমন্দির ও শ্রীমা আনন্দময়ী আশ্রমের সম্মানিত সভাপতি অপর্ণা রায় দাস।
তিনি বলেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এদেশের শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তবে আমাদের সবাইকে এসব পাতানো ফাঁদ থেকে বেরিয়ে এসে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সম্প্রতি ময়মনসিংহের দীপু চন্দ্র দাস, ইনকিলাব মঞ্চের ফয়সাল ওসমান হাদী এবং লক্ষ্মীপুরের আয়েশা হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে অপর্ণা রায় দাস বলেন, এসব নৃশংস হত্যাকাণ্ড মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত থাকলে দেশে গণতন্ত্র চরমভাবে ব্যাহত হবে।
তিনি আরও বলেন, একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় বাংলাদেশ গড়তে হলে সহিংসতা ও সন্ত্রাসের রাজনীতি পরিহার করে মানবিক মূল্যবোধে বিশ্বাসী সমাজ গড়ে তুলতে হবে।
শ্রী শ্রী রমনা কালীমন্দির ও শ্রীমা আনন্দময়ী আশ্রমের উদ্যোগে আয়োজিত এ প্রার্থনা সভায় অপর্ণা রায় দাসের সভাপতির বক্তব্যে একথা বলেন।
এছাড়া আরও বক্তব্য রাখেন—
শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল, গৌরাঙ্গ সমাদ্দার, উত্তম সরকার, বিশ্বজিৎ ভদ্র, তন্ময় সাহা, সুভাষ চন্দ্র দাস, সমীর সরকার, সুবীর দত্ত, মনি শংকর রায়, সীমান্ত দাস ও মিলন মজুমদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে গীতা পাঠ ও প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে বিশেষ প্রার্থনা সভা সমাপ্ত হয়।